জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় গোলাম মোস্তফা চৌধুরী একাডেমির ৮ম শ্রেণির ছাত্র মুশারফ আহমদ হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামি দিয়ে দায়ের করা মামলাটি ১৩ ফেব্রুয়ারি থানায় রেকর্ড হয়েছে।
নিহত মুশারফ আহমদের বাবা মো জামিল আহমদ চৌধুরী বাদি হয়ে অপহরণ, হত্যা ও গুমের অভিযোগে এ মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, মুশারফ আহমদের শরীরে আঘাতের চিহ্ন নেই। তবে কয়েকটি বিষয়কে সামনে রেখে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, তিনি মুশারফ আহমদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। নিহতের ডিএনএ পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে রাখা হয়েছে।
জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ জানান, পরিবারের পক্ষ থেকে সন্দেহভাজন যে যুবকের কথা বলা হচ্ছে তাকে ঘিরেও তদন্ত চলমান রয়েছে। খুব তাড়াতাড়িই মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে।।
এদিকে স্কুলছাত্র মুশারফ আহমদ হত্যার প্রতিবাদে এলাকাবাসী ফোঁসে উঠেছেন। ১২ ফেব্রুয়ারি রাতে জকিগঞ্জ শহরে এওলাসার সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার শত শত মানুষ মিছিল করে কর্মসূচিতে উপস্থিত হন।
মানবন্ধন শেষে সংগঠনের সভাপতি ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এম এ জি বাবর, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আহাদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার, এওলাসার সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক লতিফ মাহমুদ চৌধুরী, নিহত মুশারফ আহমদের চাচা শামিম আহমদ, ছাত্রলীগ নেতা আজহার আহমদ, রতনগঞ্জ টমটম সমিতির সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম রাহাত, জাতীয় পার্টি নেতা মর্তুজা আহমদ চৌধুরী, ইমরান আহমদ চৌধুরী ও সুমন আহমদ।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও খুনিকে গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
তারা খুনি চিহ্নিত করে দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করার দাবি জানান।
এই হত্যাকাণ্ডের সূত্র ধরে যেন কোন নিরীহ নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন সেদিকেও প্রশাসনকে সর্তক থাকতে বক্তারা আহবান জানান।