বাংলাদেশ বেতার গুরুত্বপূর্ণ অবদান রাখছে দেশের অগ্রযাত্রায় : সিলেটের বিভাগীয় কমিশনার

প্রকাশিত February 13, 2024
বাংলাদেশ বেতার গুরুত্বপূর্ণ অবদান রাখছে দেশের অগ্রযাত্রায় : সিলেটের বিভাগীয় কমিশনার

সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, বাংলাদেশ বেতার একটি ইতিহাস ও ঐতিহ্য। মহান মুক্তিযুদ্ধে বেতারের ছিল অববিস্মরণীয় ভূমিকা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উত্তরাধিকার নিয়ে বাংলাদেশ বেতার দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি আরও বলেছেন, ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আগাম বার্তা দিয়ে বেতার লাখো মানুষের জীবন রক্ষা করেছে।
বিভাগীয় কমিশনার বলেন, বেতার নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে মানুষের কাছে পৌঁছেছে।
বিশ্ব বেতার দিবস উপলক্ষে মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি (৩০ মাঘ) সকালে মহানগরীর মিরের ময়দান এলাকায় বেতার ভবন প্রাঙ্গণে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র আয়োজিত আলোচনা সভায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ বেতারে অনুষ্ঠান প্রচারের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা, কমিউনিটি পুলিশিং ও কৃষি উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
তিনি মাঠ পর্যায় থেকে বিভিন্ন অনুষ্ঠান নির্মাণের প্রতি গুরুত্ব আরোপ করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রেরণাদায়ী অনুষ্ঠানমালার স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, বাংলাদেশ বেতারে নতুন নতুন বিষয় সংযোজনের চিন্তাভাবনা করতে হবে।
সভাপতির বক্তব্যে আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সচেতনতামূলক ও উন্নয়নধর্মী অনুষ্ঠান প্রচারের উল্লেখ করে বলেন, তথ্য প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে বেতার অনুষ্ঠানেও পরিবর্তন এসেছে।
বাংলাদেশ বেতারের উপস্থাপক নাজমা পারভীনের সঞ্চালনায় আলোচনা সভায় ম্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস, সিলেট জেলা প্রেসক্লাব ও ইমজার প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শামসুল আলম সেলিম, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা এ কে এম দাউদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, বাংলাদেশ বেতার সিলেটের উপ বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুষমা দাস, বাংলাদেশ বেতারের উপ আঞ্চলিক পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম, মো আব্দুল হক, পবিত্র কুমার দাস, সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস ও মো দেলওয়ার হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রশীদ রেনু, সমরেন্দ্র বিশ্বাস সমর, দৈনিক পুণ্যভূমির সম্পাদক আবু তালেব মুরাদ প্রমুখ।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
ইউনেস্কো ঘোষিত বিশ্ব বেতার দিবস এবার ‌’শতাব্দিজুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে উদযাপিত হয়।