নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের চা বাগান মালিকরা চা শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রতি কেজি চায়ের সর্বনিম্ন মূল্য ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা নির্ধারণ করা সহ ১২টি প্রস্তাব দিয়েছেন।
রবিবার, ১১ ফেব্রুয়ারি (২৮ মাঘ) সিলেট মহানগরীর সুবিদবাজারে একটি অভিজাত রেস্টুরেন্টে টি প্ল্যান্টার্স সিলেট ডিভিশন আহুত সংবাদ সম্মেলনে এই প্রস্তাবগুলো সরকারের বিবেচনার জন্যে উত্থাপন করা হয়।
এতে প্যারাগন গ্রুপ টি এস্টেটের উপদেষ্টা, কালিকাবাড়ি ও ম্যাকসন ব্রাদার্স টি এস্টেটের ডিরেক্টর মুফতি এম হাসান লিখিত বক্তব্যে উল্লেখ করেন, চা শিল্প বাংলাদেশের অন্যতম প্রাচীন শিল্প। রপ্তানিমুখী শিল্প হিসেবে ঐতিহ্যগতভাবে চা শিল্প দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কারণে রপ্তানি হ্রাস পেলেও এ শিল্প জাতীয় অর্থনীতিতে এখনও বিশেষ অবদান রাখছে।
তিনি জানান, চা শিল্পের উপর কয়েক লাখ শ্রমিক-কর্মচারী নির্ভরশীল। পরোক্ষভাবে আরও কয়েক লাখ লোক চা শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। বর্তমানে চা শিল্প কঠিনতম পরিস্থিতিতে নিমজ্জিত, যা এই শিল্পের টিকে থাকার ভিত নাড়িয়ে দিচ্ছে।
উৎপাদন মূল্যের চেয়েও চায়ের নিলাম মূল্য এখন কম উল্লেখ করে মুফতি এম হাসান বলেন, বাগানের রোগবালাই দমনে ব্যবহৃত ঔষধ, সার ও বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় কয়েকগুণ বেড়ে গেছে; কিন্তু এর চেয়ে অনেক কমে গেছে নিলামমূল্য। আগে ভালো মানের চা ২২০ টাকা বা এর চেয়ে কিছু বেশি দামে বিক্রি হলেও উৎপাদন খরচ বেশি ছিল। অথচ বর্তমানে নিলামমূল্য ১৭০-১৭৫ টাকা থেকে নেমে ১০০-১১০ টাকায় চলে এসেছে। এমনকি কোন কোন সময়ে নিলামে বিক্রি হচ্ছে ১০০ টাকার কমে। ফলে লাভের বিন্দুমাত্র সুযোগ নেই।
এছাড়াও বাইরে থেকে চোরাই পথে নিম্নমানের চা আসা, অপরিকল্পিত পদ্ধতিতে পঞ্চগড় এলাকায় নিম্নমানের চা উৎপাদন ও আইন-বিধি না মেনে সেখানে সরাসরি কারখানা থেকে চা বিক্রি, মজুরি, তেল, রেশন, ঔষধ (এগ্রো ক্যামিকেল) ও বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়া, কয়েকটি বড় প্যাকেটিয়ার দ্বারা নিলাম বাজার নিয়ন্ত্রণ ও ব্যাংক ঋণ পরিশোধের উচ্চ হার চা শিল্পকে হুমকির মুখে ফেলে দিয়েছে।
সংবাদ সম্মেলনে আশংকা প্রকাশ করা হয়, এসকল সমস্যার দ্রুত সমাধান নাহলে অনেক বাগান বন্ধ হয়ে যাবে। তাই সমস্যা সমাধানে কেজি প্রতি চায়ের নিম্নতম মূল্য ৩৫০-৪০০ টাকা নির্ধারণ, চোরাই পথে চা আসা বন্ধের পদক্ষেপ গ্রহণ, ছোট কোম্পানি বা বাগানকে প্যাকেজিংয়ের জন্য আর্থিক সহায়তা প্রদানসহ বাগানবান্ধব বিভিন্ন সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়।
সংবাদ সম্মেলনে ম্যাকসন ব্রাদার্সের চেয়ারম্যান খসরুজ্জামান, রেহানা চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল বারী, এম আহমদ টি এন্ড ল্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক সৈয়দ মহিউদ্দিন ও মালনীছড়া চা বাগানের ম্যানেজার আজম আলী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।