বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ নিয়ে লুকোচুরি ও অনিয়মের প্রতিবাদে এবং উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি (২৫ মাঘ) সচেতন সুনামগঞ্জবাসীর উদ্যোগে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডভোকেট রবিউল লেইস রোকেস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনূর আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, নারী আন্দোলন নেত্রী গৌরী ভট্টাচার্য, অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন ও অ্যাডভোকেট এনাম আহমদ।
বক্তারা বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগে উপাচার্য বাণিজ্য আর অনিয়ম করেই চলেছেন। নিয়োগ প্রক্রিয়া সুনামগঞ্জে না করে ঢাকা ও গাজীপুরে করার পায়তারা করছেন। অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত উপাচার্যকে অবিলম্বে অপসারণ না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।