প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক প্রয়োজন : সিসিক মেয়র

প্রকাশিত February 8, 2024
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক প্রয়োজন : সিসিক মেয়র

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্মার্ট নাগরিক প্রয়োজন। আর স্মার্ট নাগরিক গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিহার্য।
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি (২৫ মাঘ) সকালে মঈনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মেয়র আরও বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি, উন্নতি ও অর্থনৈতিক মুক্তি সম্ভব হয়েছে। ‘ক্লিন সিলেট—গ্রিন সিলেট’ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
তিনি মঈনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রধান ফটক, মাঠ ও শহিদ মিনার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমার প্রতিশ্রুতি আমি রাখবো। তোমাদেরকেও প্রতিশ্রুতি দিতে হবে যে, যেখানে সেখানে ময়লা—আবর্জনা ফেলবে না এবং অন্য কাউকেও ফেলতে দেবে না। তবেই আমাদের সিলেট শহর সুন্দর ও আলোকিত হবে।’
কলেজ অধ্যক্ষ মো আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান ড আহমদ আল কবির, বিশিষ্ট সাংবাদিক সুভাষ সিংহ রায়, কলেজ পরিচালনা পরিষদের সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন ও সিসিক কাউন্সিলর তারেক উদ্দিন তাজ। সহকারী অধ্যাপক রহিমা বেগম ও প্রভাষক আলমগীর হোসেনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার আহ্বায়ক সহকারী অধ্যাপক আজির উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মঈনউদ্দিন আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর ও শিক্ষক পর্ষদের সম্পাদক এনামুল হক চৌধুরী। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাইশা রহমান। প্রধান অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন প্রভাষক সায়মা আক্তার।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে লোকগান পরিবেশন করেন শিক্ষার্থী পূর্ণিমা রাণী সূত্রধর। দলীয় নৃত্যে অংশগ্রহণ করেন রাহনুমা নুড়াইন অনতি ও সাদিয়া আক্তার শিমা। সংবাদ বিজ্ঞপ্তি