নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী ড মো আব্দুস শহীদ সিলেট থেকে সরাসরি ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বিমানযোগে কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যে সিলেটে একটি প্যাকিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব নির্মাণে যত দ্রুত সম্ভব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ বুধবার, ৭ ফেব্রুয়ারি (২৩ মাঘ) কৃষি মন্ত্রণালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বিষয়টির প্রতি কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ আশ্বাস দেন।
সিলেট চেম্বার সভাপতি কৃষিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য ড মো আব্দুস শহীদ এমপিকে অভিনন্দন জানান।
তিনি উল্লেখ করেন, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সিলেটে তৎকালীন কৃষিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর উপস্থিতিতে এক সভায় তারা সিলেটে যথাশীঘ্র সম্ভব প্যাকিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব নির্মাণের আশ্বাস দেন; কিন্তু প্রায় দুই বছর অতিবাহিত হয়ে গেলেও এ ব্যাপারে কোন অগ্রগতি নেই।
তাহমিন আহমদ কৃষিমন্ত্রীকে জানান, বর্তমানে সিলেটের রপ্তানিকারকগণ ঢাকার শ্যামপুরে অবস্থিত প্যাকিং হাউস থেকে কৃষিপণ্য রপ্তানি করে থাকেন, যা কষ্ট ও ব্যয়সাপেক্ষ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী স্থানে এ রকম একটি প্যাকিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব নির্মাণ করা গেলে স্থানীয় রপ্তানিকারকরা সিলেট থেকে তাজা শাক-সবজি ও ফলমূল বিদেশে রপ্তানি করতে পারবেন। এতে বিমান লাভবান হবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে।
ড মো আব্দুস শহীদ সৌজন্য সাক্ষাতের জন্যে চেম্বার সভাপতিকে ধন্যবাদ জানান এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সিলেট তথা সারাদেশের কৃষিখাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাতকালে সিলেট চেম্বারের সচিব মো গোলাম আক্তার ফারুকও উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি