সাংস্কৃতিক প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, প্রত্যেক শিশুকে শিক্ষা-দীক্ষার মাধ্যমে আগামীর দেশ পরিচালনার জন্য প্রস্তুত করতে হবে।
সোমবার, ২৯ জানুয়ারি (১৫ মাঘ) সকাল ১১টায় সিলেট মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ২য় জাতীয় চিত্রকলা প্রদর্শনী ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারা দেশ থেকে প্রাপ্ত অংশগ্রহণকারীদের আঁকা ছবি থেকে বাছাইকৃত সেরা বিজয়ী ও নির্বাচিত ১০০টি ছবি নিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রধান অতিথি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আজকের শিশুরাই হবে আগামীর দেশ গড়ার মূল কারিগর। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিশুদেরকেও স্মার্ট হতে হবে।
কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ, চিত্রশিল্পী হ্যারল্ড রশীদ চৌধুরী, বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী পরিচালক লায়লা আর্জুমান বানু ও নাসরিন আক্তার এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ।
অন্যান্য বক্তা বলেন, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে নীতি-নৈতিকতা অর্জন করে শিশুদেরকে আদর্শ নাগরিক হতে হবে।
এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি ও চিত্রাঙ্কনে মনোযোগ দেওয়ার জন্য পরিবারের প্রতি বক্তারা তাগিদ দেন।
পরে বাংলাদেশ শিশু একাডেমি সিলেট জেলা শাখার প্রশিক্ষণার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সূত্র পিআইডি সিলেট