বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তিতে সুমনকে মেয়র সাবেক মেয়র ও জেলা প্রেসক্লাবের অভিনন্দন

প্রকাশিত January 25, 2024
বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তিতে সুমনকে মেয়র সাবেক মেয়র ও জেলা প্রেসক্লাবের অভিনন্দন

সাংস্কৃতিক প্রতিবেদক : এবার ‘ফোকলোর ক্যাটাগরি’তে লোকসংস্কৃতি গবেষক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩’ পেয়েছেন।
জাতীয় পর্যায়ের এ সম্মাননা সুমনকুমার দাশের লোকসংস্কৃতি নিয়ে নিরলস গবেষণার স্বীকৃতি। দীর্ঘদিন ধরে তিনি এই গুরুত্বপূর্ণ কাজটি করছেন। ইতোমধ্যে তার অনেক বইও প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান। এই অর্জনের জন্যে তাকে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে ।
সিলেট সিটি করপোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী লোকসাহিত্য গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সুমনকুমার দাশ বাংলা একাডেমি পুরস্কার ২০২৩ অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন।
একই সঙ্গে মেয়র এ বছর বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত অন্যদেরকেও অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য অন্বেষণ ও সংরক্ষণের জন্য সুমনকুমার দাশের নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। তার এই অর্জনে আমরা অত্যন্ত গর্বিত। গবেষণাকর্ম ও এর প্রাপ্য স্বীকৃতি তিনি দাবি রাখেন। সিলেট অঞ্চলের লোকসংস্কৃতির উপর তার কর্মপ্রয়াস ও সমৃদ্ধ গবেষণা আমাদের অনুপ্রেরণাদায়ক।’
বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় সুমনকুমার দাশকে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় সাবেক মেয়র বলেন. বাংলার লোকসংস্কৃতির বিকাশ ও বিস্তারে সুমনকুমার দাশের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার হাত ধরে গ্রামীণ জনপদের সাধক, বাউল, ফকির, মহাজন ও শিল্পীদের অজানা জীবন ও দর্শন জনসমক্ষে প্রস্ফুটিত হয়েছে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল অভিনন্দন বার্তায় বলেছেন, ‘সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে লোকসাহিত্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সুমনকুমার দাশ। তার প্রচেষ্টায় সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের লোকজ সাহিত্য। প্রত্যন্ত অঞ্চল ঘুরে তিনি উদ্ধার করেছেন লোকজ সম্পদের ভাণ্ডার।
সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ মনে করেন, বাংলা একাডেমি সুমনকুমার দাশের নিরলস শ্রম ও প্রচেষ্টার যথার্থ মূল্যায়ন করেছে। এ স্বীকৃতি তার কর্মপরিধিকে আরও বাড়িয়ে দেবে, যা বাংলা সাহিত্যকেই সমৃদ্ধ করবে।’