নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় সিলেট মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে মঙ্গলবার, ২৩ জানুয়ারি (৯ পৌষ) ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানো’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব আর মুক্তিযোদ্ধাদের বীরত্বেই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতার জন্যে আত্মদান করেছেন ত্রিশ লাখ মানুষ। সম্ভ্রম হারিয়েছেন দু’লাখ মা-বোন। এখন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অভীষ্ট লক্ষ্যে ছুটে চলেছে।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড মো নূরুল আমিন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন। মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা শুনান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সুব্রত চক্রবর্তী জুয়েল, ভবতোষ রায় বর্মণ রানা ও মো ইরশাদ আলী।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে চারশ শিক্ষার্থী এই চার বীর মুক্তিযোদ্ধার মুখে শুনে বঙ্গবন্ধুর আদর্শ ও ঐতিহাসিক সাতই মার্চের ভাষণকে বুকে ধারণ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, পাকিস্তানি হানাদার বাহিনী ও আলবদর-রাজাকারদেরে সঙ্গে বীরত্বপূর্ণ লড়াই ও বীরের বেশে স্বাধীন দেশে ফিরে আসা সহ রণাঙ্গণের নানা স্মৃতিকথা, যা প্রতিটি প্রাণকে উজ্জীবিত করে।
শিক্ষার্থীরা প্রশ্ন করে বীর মুক্তিযোদ্ধাদের নিকটে থেকে বিভিন্ন অজানা তথ্যও জেনে নেয়। পরে অংশ নেয় কুইজ প্রতিযোগিতায়। দুই শিক্ষার্থী প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখে।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও প্রতিক্রিয়া ব্যক্তকারী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।
পুরো অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক-অভিভাবকও উপস্থিত ছিলেন। সূত্র পিআইডি সিলেট