শাল্লায় সরিষা আবাদে সাফল্য || এবার কৃষকরা একফসলি জমিতে পাচ্ছেন দুই ফসল

প্রকাশিত January 22, 2024
শাল্লায় সরিষা আবাদে সাফল্য || এবার কৃষকরা একফসলি জমিতে পাচ্ছেন দুই ফসল

শাল্লা প্রতিনিধি : আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি প্রকল্পের আওতায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের শশারকান্দা গ্রামে মাঠ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার, ২২ জানুয়ারি (৮ পৌষ) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোমের সভাপতিত্বে ও শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা মো আব্দুল্লাহ আল মাসুদ তুষারের সঞ্চালনায় কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো মতিউজ্জামান।
তিনি তেল ফসলের আবাদ বৃদ্ধিতে সরিষার চাষের উপর গুরুত্ব আরোপ করে এ ক্ষেত্রে সাফল্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশংসা করেন।
তিনি জানান, কৃষি কর্মকর্তাগণ সঠিক সময়ে বীজ ও সার বিতরণ করায় এ বছর শাল্লা উপজেলায় সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে।
শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা মো আব্দুল্লাহ আল মাসুদ তুষার জানান, এবার ১৪০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল; কিন্তু প্রায় ১৭০ হেক্টর জমিতে আবাদ হয়েছে।
তিনি জানান, কৃষকরা সঠিক সময়ে বীজ বপন করায় উত্তোলন শেষে জমিতে বোরোধান আবাদ করতে সক্ষম হয়েছেন। ফলে একফসলি জমিতে তারা দুই ফসল পাবেন।