নিজস্ব প্রতিবেদক : সিলেটে দুই দিনে ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বড় অংশটি উদ্ধার করা হয় অ্যাম্বুলেন্স থেকে। পুলিশ চারজনকে গ্রেফতারও করেছে।
জেলা পুলিশের পৃথক পৃথক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, গত ১০ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ থানা পুলিশের অভিযানে উপজেলার গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরি বাজারের সামনের সড়কে সিলেট থেকে জকিগঞ্জগামী একটি অ্যাম্বুলেন্স যাত্রী জকিগঞ্জ উপজেলার আতাউর রহমান আতা (৫২, পিতা মফজ্জিল আলী, অজরপাড়া), বেল্লাল আহমদের (৪৩, পিতা মৃত তছির আলী, পূর্ব লোহারমহল) ও মাসুদ আহমদের (৪২, পিতা মৃত আব্দুল বারী, পলাশপুর) দেহ তল্লাশি করে ১ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার ও অ্যাম্বুলেন্সটি আটক করা হয়।
এছাড়া পরদিন ১১ জানুয়ারি (২৭ পৌষ) গোয়াইনঘাট থানার অন্তর্গত সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও এলাকায় সিলেট-কোম্পানিগঞ্জ মহাসড়কের উত্তর পার্শ্বে জামাল উদ্দিন (৪৩, পিতা সিরাজ উদ্দিন, সুন্দ্রাউড়া, কোম্পানীগঞ্জ, সিলেট) নামে একজনকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। তবে তার সহযোগী চার জন পালিয়ে যায়।