হাওরপাড়ে হাড় কাঁপানো শীত || সূর্যের দেখা মেলেনি সারাদিন || তবু থামেনি লড়াকু জীবন

প্রকাশিত January 12, 2024
হাওরপাড়ে হাড় কাঁপানো শীত || সূর্যের দেখা মেলেনি সারাদিন || তবু থামেনি লড়াকু জীবন

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : হাওরের জেলা সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাড় কাঁপানো শীত পড়েছে। শুক্রবার, ১২ জানুয়ারি (২৮ পৌষ) প্রায় সারাদিন দেখা মেলেনি সূর্যের। তবু লড়াকু জীবন থেমে থাকেনি।
হিমশীতল বাতাস আর ঘন কুয়াশায় পথচলা ছিল কষ্টসাধ্য। মিটার খানেক দূরের কিছুও ভাল করে ঠাহর করা যাচ্ছিল না। খুব সাবধানে পথ চলতে হচ্ছিল।
হাওরপাড়ে মানুষ প্রকৃতির সঙ্গে লড়াইয়ে অভ্যস্ত। তাই প্রচণ্ড শীতে ঘরবন্দি থাকতে পারেনি। থেমে থাকেনি ক্ষেত-খামার ও গৃহস্থালীর কাজ। তবে কাজে স্বাভাবিকতা পুরোমাত্রায় ছিলনা। নানা ধরনের রোগ-ব্যাধিও ছড়িয়ে পড়েছে।
শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা যশবন্ত ভট্টাচার্য জানান, হঠাৎ করে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জ্বর, সর্দি, কাশি, এলার্জি ও শাসকষ্ট সহ বিভিন্ন ধরনের রোগ বৃদ্ধি পেতে পারে। তাই সচেতন থাকতে হবে।
সাধারণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ভিড় করছেন চা-কফির দোকানে। শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারের নাঈম স্টোর এন্ড কফি হাউজের পরিচালক শাহরিয়ার পারভেজ নাঈম এ তথ্য নিশ্চিত করেন।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্ জুর আহসান জিসান জানান, শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে গরম কাপড় আসার সঙ্গে সঙ্গে বিতরণ করা হবে।