নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার, ১০ জানুয়ারি (২৬ পৌষ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এ দিনে স্বাধীনতার মহানায়ক বিজয়ী বীরের বেশে স্বাধীন স্বদেশে ফিরে এসেছিলেন।
১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর পরই পাকিস্তানি হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। পরে পাকিস্তানে নিয়ে যায়। সেখানে বিচারের নামে প্রহসনের মাধ্যমে হত্যার চক্রান্ত করে; কিন্তু পাকিস্তানি সামরিক জান্তা বিশ্ব জনমতের চাপে বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষকে মুক্তি দিতে বাধ্য হয়।
বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি যুক্তরাজ্যে চলে যান। সেখানে প্রবাসী বাঙালিরা প্রিয় নেতাকে বরণ করেন। রাষ্ট্রীয়ভাবে সম্মান জানায় ব্রিটিশ সরকার। লন্ডন থেকে বিশেষ বিমানে করে স্বাধীনতার স্থপতিকে স্বাধীন বাংলাদেশে পাঠানো হয়।
জাতি প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে ঐতিহাসিক এ দিনটি উদযাপন করবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে রয়েছে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন আহবান জানিয়েছেন সিলেট।