নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের প্রধান আসামি সহ ৩ জনকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ গ্রেফতার করেছে।
র্যাব ৯ এর তথ্য বিবরণীতে জানানো হয়েছে. গত ৩ নভেম্বর বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আঐর কাঐর এলাকায় বাক প্রতিবন্ধী মো আব্দুল্লাহর সঙ্গে কয়েকজনের হাতাহাতি হয়।
এর জের ধরে আব্দুল্লাহর চাচাতো ভাই ট্রাকচালক মো শফিকুল ইসলাম শফিককে (২৫, পিতা মো ধন মিয়া খন্দকার, গৌতমপাড়া, সদর, ব্রাহ্মণবাড়িয়া) পরদিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় আঐর কাঐর এলাকায় অবস্থিত তিতাস পেট্রোল পাম্পের পূর্বদক্ষিণে ‘স্বপন বাবুর পাইপ ফ্যাক্টরি’র ভিতরে একা পেয়ে কয়েকজন মারধর ও ছুরিকাঘাতে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তী সময়ে এলাকার লোকজন মো শফিকুল ইসলাম শফিককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার ভাই বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৫ নভেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন।
এ চাঞ্চল্যকর ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর আসামিদের আইনের আওতায় আনতে র্যাব ৯ হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি আভিযানিক দল সোমবার, ৮ জানুয়ারি (২৪ পৌষ) দিনগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো কাছম আলী সহ তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো আঐর কাঐর গ্রামের মো কাছম আলী (৫৫, পিতা মৃত মো খোরশেদ আলী), মো রিয়াদ মিয়া (২০, পিতা মো ডাক্তার আলী) ও মো জামান মিয়া (২৭, পিতা মো কাছম আলী)। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তিন আসামিকেই ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।