আগুন সন্ত্রাসের মুখেই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

প্রকাশিত January 7, 2024
আগুন সন্ত্রাসের মুখেই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : অতঃপর আগুন সন্ত্রাসের মুখেই উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী প্রদত্ত ভোটের হারও প্রত্যাশার কাছাকাছি। সম্ভাব্য ফলাফল ধারণা দিচ্ছে, আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন।
তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী রবিবার, ৭ জানুয়ারি (২৩ পৌষ) সকালে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর বলেছিলেন, আগুন সন্ত্রাস অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বাধা হবে না। আসলেও তাই হয়েছে।
তবে দুপুরে সিলেট-১ আসনে সিলেট মহানগরীর পাঠানটুলায় বিএনপি-জামাত একটি কেন্দ্রে হামলা চালায় এবং এতে বেশ কয়েকজন আহত হন। তবে পুলিশ-জনতার ধাওয়া খেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
সিলেট-২ আসনে বিভিন্ন ভোটকেন্দ্রে জোরর্পূবক ভোট দেওয়া সহ বিভিন্ন অভিযোগ তুলে বিকেল ৩টার দিকে জাতীয় পার্টি প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী, গণফোরাম প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান, তৃণমূল বিএনপি প্রার্থী আব্দুল রব মল্লিক ও বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান ওসমানীনগর উপজেলার তাজপুরে এক সঙ্গে সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
একই অভিযোগে সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিক্যাল আসোসিয়েশনি-বিএমএর মহসচিব ডা ইহতেশামুল হক দুলাল একেবারে শেষ মুহূর্তে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এর বাইরে আর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীও ছিল সতর্ক। প্রতিটি কেন্দ্রে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি আনসার ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এছাড়াও সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা সার্বক্ষণিক টহলে ছিলেন।