পুলিশ ও আনসারদেরকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের

প্রকাশিত January 6, 2024
পুলিশ ও আনসারদেরকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের

সিলেট মহানগর পুলিশ-এসএমপি কমিশনার মো জাকির হোসেন খান পিপিএম বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যদেরকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ ও সিলেট-৩ আসনে মোতায়েনকৃত এসএমপির অফিসার ও ফোর্সের বিফ্রিং প্যারেডে তিনি এ কথা বলেন।
শনিবার, ৬ জানুয়ারি (২২ পৌষ) সকাল ৯টায় এসএমপি পুলিশ লাইন্সে এই প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় ভোটকেন্দ্র, মোবাইল/স্ট্রাইকিং ও অন্যান্য দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বিফ্রিং প্যারেডে সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মো জাকির হোসেন খান পিপিএম নির্বাচনী দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করে সকলকে দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।
নির্বাচন চলাকালীন সময়ে বিএনপি-জামাতের ডাকা হরতালের কথা মাথায় রেখে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতেও তিনি নির্দেশনা দেন।
পুলিশ কমিশনার বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য দৈনন্দিন খরচের টাকা দিয়ে দেওয়া হয়েছে। তাই কেউ যাতে কোন অন্যায় কাজে জড়িত না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পর্যাপ্ত পরিমাণে মোবাইল এবং স্ট্রাইকিং পার্টিও নিয়োজিত থাকবে। এছাড়া সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনে করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো জোবায়েদুর রহমান পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু মাসুদ রানা সহ সিলেট মহানগর পুলিশের সকল পদবীর অফিসার ও ফোর্স ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী