নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, ভিসানীতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যদি নিজের কথায় ঠিক থাকে তাহলে বিএনপির উপর এই মুহুর্তেই তা আরোপ করা উচিত। কারণ দলটি নির্বাচন বানচাল করতে চাইছে।
তিনি নিজেকে নির্বাচন পর্যবেক্ষণ বিরোধী দাবি করে এই পদ্ধতি বন্ধ করার পক্ষে মতামত ব্যক্ত করেছেন।
শুক্রবার, ৫ জানুয়ারি (২১ পৌষ) সন্ধ্যায় সিলেট মহানগরীর ধোপাদিঘির পাড় এলাকায় নিজের বাসভবন হাফিজ কমপ্লেক্সে মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা শেষে পররাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন।
তিনি বলেন, আমেরিকা বা ভারতে নির্বাচন পর্যবেক্ষক থাকেনা বা বাইরে থেকে যায়না।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, জনগণের উপর বিশ্বাস থাকলে পর্যবেক্ষকের সার্টিফিকেট প্রয়োজন হয়না। বাংলাদেশ কারও সার্টিফিকেটে স্বাধীন হয়নি। একটি পূর্ণ গণতান্ত্রিক দেশে বিদেশী পর্যবেক্ষকের কোনো প্রয়োজন নেই।
ড এ কে আব্দুল মোমেন বলেন, নির্বাচনী বিধি-বিধান অনুযায়ী সরকার দল এখন নির্বাচনী প্রচারণা চালাতে পারছেনা। অথচ বিএনপি নির্বাচন বিরোধী প্রচারণা চালাচ্ছে।
এই প্রচারণার বিরুদ্ধে তদন্ত করে নির্বাচন কমিশন-ইসির ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি অভিমত রাখেন।
মার্কিন পর্যবেক্ষক দলে ছিলেন আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র এডভাইজার জেওফ্রি ম্যাকডোনাল্ড, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ ও প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা।