নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক ‘নৌকা’র বিজয় হলে ব্যাপক উন্নয়ন সহ স্মার্ট সিলেট গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার, ৪ জানুয়ারি (২০ পৌষ) সন্ধ্যায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সিলেট-১ আসনের শেষ নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রী গত ৫ বছরে সিলেটের উন্নয়নে তার ভূমিকা তুলে ধরতে গিয়ে বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ কাজ রয়েছে। সিলেট-ঢাকা ৬ লেন ও সিলেট-তামাবিল ৬ লেন মহাসড়কের কাজও চলমান। সিলেট-ঢাকা ব্রডগেজ রেললাইনের প্রস্তাব প্রধানমন্ত্রী নির্বাচনের পরে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
তিনি জানান, সিলেট এখন শতভাগ বিদ্যুতায়িত। ওসমানী মেডিক্যাল হাসপাতালে সেবার মান বৃদ্ধি পেয়েছে। ক্যান্সার ও হার্ট ইউনিট সহ ১০ তলা ভবনের কাজ চলমান। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মতো আরেকটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ তিনি নিয়েছেন। শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ অনুমোদিত হয়েছে। নির্মাণ করা হয়েছে ১৪টি কমিউনিটি ক্লিনিক। রাস্তা প্রশস্তকরণের জন্য সিলেট সিটি কর্পোরেশনকে ২৮০০ কোটি টাকা প্রদান করা হয়েছে। তারবিহীন বিদ্যুৎ লাইন স্থাপন হবে পুরো নগরীতে। সুরমা নদীর দুইপাশে তৈরি করা হবে ওয়াকওয়ে। বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য নদী খনন করা হবে। নদী পথে ব্যবসা করার জন্য চলাচলের উপযোগী করা হবে নদীকে। সিলেট হবে পর্যটন নগরী। কর্মসংস্থান তৈরির জন্য শিল্পাঞ্চলও গড়ে তোলা হবে।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, এবারের নির্বাচন দেশীয় ও আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সবাই ভোট কেন্দ্র যাবেন এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে ‘নৌকা’কে বিজয়ী করবেন। তাহলেই দেশের চলমান উন্নয়ন অব্যাহত থাকবে-ইনশাল্লাহ।
সিলেট-১ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, আওয়ামী লীগের মহানগর সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাওরের সভাপতিত্বে এবং জেলা যুগ্মসাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ ও মহানগর যুগ্মসাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট-১ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচনী এজেন্ট, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রীর সহধর্মিণী, মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন, আওয়ামী লীগের জেলা সহসভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, মহানগর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, নূরুল ইসলাম পুতুল, মো সানাওর, জগদীশ চন্দ্র দাস, সদর উপজেলা সভাপতি নিজাম উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক, মহানগর সভাপতি শাহরিয়ার কবির সেলিম, মহিলা আওয়ামী লীগের মহানগর সভাপতি শাহানারা বেগম, জেলা সাধারণ সম্পাদক হেলেন আহমদ, যুবলীগের জেলা সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুসফিক জায়গিরদার, স্বেচ্ছাসেবক লীগের জেলা সাধারণ সম্পাদক জালাল উদ্দীন কয়েস, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলু, যুবলীগের জেলা সহসভাপতি সিসিক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, তাঁতী লীগের জেলা সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, মহানগর সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল ও ছাত্রলীগের মহানগর সাধারণ সম্পাদক নাঈম আহমদ।