পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সরকার প্রবাসী বান্ধব সরকার। ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও একাত্তর পরবর্তী দেশ গঠনে প্রবাসীরা সবসময় বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রবাসীরাই। প্রবাসীরা দেশপ্রেমিক-তাদের স্বদেশপ্রেম প্রগাঢ়।
মঙ্গলবার, ২ জানুয়ারি (১৮ পৌষ) বিকালে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ড মোমেন ইন্টারন্যাশনাল ফ্যান ক্লাব আয়োজিত সভায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার ৩০ ডিসেম্বরকে ‘প্রবাসী দিবস’ হিসেবে উদযাপন করেছে। দেশের উন্নয়নের মহাসড়কে প্রবাসীদের অংশগ্রহণ জরুরি। সরকার চায়, দেশের কোথায় কী সুযোগ রয়েছে তা প্রবাসীরা জানুন, যাতে তারা সম্পৃক্ত হতে পারেন।
সরকার প্রবাসীদেরকে ৩৪টি সেবা ডিজিটাল অ্যাপসের মাধ্যমে প্রদান করছে উল্লেখ করে ড এ কে আব্দুল মোমেন দেশে প্রবাসীদের হয়রানি বিশেষ করে জমি-সম্পত্তি বেদখল রুখতে র্যাপিড ট্রাইবুনাল গঠন ও ভুমিপ্রশাসন শক্তিশালী করার কথাও জানান।
প্রবাসীরা বলেন, ড এ কে আব্দুলে মোমেন প্রবাসীদের পরম বন্ধু। তিনি প্রবাসীদের সুখে-দুখে পাশে ছিলেন। নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা দেশে এসেছেন। গণতন্ত্রের জন্য, উন্নয়নের জন্য তারা ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রবাসী ব্যক্তিত্ব সেলিম মুবদার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী দৈনিক একাত্তরের কথার প্রকাশক নজরুল ইসলাম বাবুল, মাহার স্বত্বাধিকারী মাহি উদ্দিন সেলিম, ফারুক আহমদ চৌধুরী, ফকরুল চৌধুরী, কল্লোল আহমদ, কাজী কায়েস, সাজেদুর রহমান, ইফজাল চৌধুরী, আহমেদুল কবীর প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি