পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে বিশ্বাসী। আওয়ামী লীগ আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে-রিজার্ভ বাড়ছে।
তিনি দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’ মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহবান জানান।
সোমবার, ১ জানুয়ারি (১৭ পৌষ) বিকেলে মহানগরীর হাফিজ কমপ্লেক্সে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘সিলেটের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ’ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান তিনি অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি, এফবিসিসিআইর পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ ও পরিচালক, সাবেক সভাপতি আবু তাহের মো শোয়েব।
এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সাবেক সহসভাপতি মো দিলওয়ার হোসেন, পরিচালক মো আব্দুর রহমান (জামিল), মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহছান চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, কাজী মো মোস্তাফিজুর রহমান, মো সারোয়ার হোসেন ছেদু, সাবেক সহসভাপতি মো এমদাদ হোসেন, সাবেক পরিচালক এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, মো বশিরুল হক ও সচিব মো গোলাম আক্তার ফারুক। সঞ্চালনায় ছিলেন সিলেট চেম্বারের জ্যেষ্ঠ কর্মকর্তা মিনতি দেবী।
প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দরিদ্রতার হার ৪২ শতাংশ থেকে ১৮.৭ শতাংশে নেমে এসেছে। অচিরেই বাংলাদেশ দরিদ্রতার কবল থেকে মুক্ত হবে।
তিনি বলেন, উন্নয়নের মূলমন্ত্র গণতান্ত্রিক ক্ষমতার ধারাবাহিকতা। এ ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ৭ জানুয়ারি সকলকে ভোট কেন্দ্রে গিয়ে উন্নয়নের পক্ষে ভোট দিতে হবে।
ড এ কে আব্দুল মোমেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার করেছেন, আগামী নির্বাচনের পরে সিলেটের রেল লাইন উন্নয়ন কাজ শুরু হবে। ইতোমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে ১ হাজার ৪৫৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিমানবন্দরে যাত্রীদের আত্মীয়-স্বজনদের জন্য শেড নির্মাণে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাশ হয়েছে। সুরমা ও কুশিয়ারা নদী খননের কাজ শুরু হয়েছে।
তিনি সিলেটের অর্থনৈতিক উন্নয়নে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ প্রস্তাবনার প্রশংসা করেন এবং প্রস্তাবগুলো বাস্তবায়নের ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সংবাদ বিজ্ঞপ্তি