আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে : গণসংযোগে পররাষ্ট্র মন্ত্রী

প্রকাশিত December 29, 2023
আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে : গণসংযোগে পররাষ্ট্র মন্ত্রী

সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন,আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে।
অন্যদিকে বিএনপি চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে বলে তিনি মন্তব্য করেছেন।
ড এ কে আব্দুল মোমেন আরও বলেছেন, বিএনপির অসহযোগ আন্দোলন দুঃখজনক। বিএনপি ভুল পথে চলছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক।
শুক্রবার, ২৯ ডিসেম্বর (১৪ পৌষ) সকালে সিলেট মহানগরীতে নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলছিলেন।
মহানগরীর শাহজালাল উপশহর এলাকায় সকালে লিফলেট বিতরণের মাধ্যমে ড এ কে আব্দুল মোমেন নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেন।
এরপর তিনি তেরো রতন ও গোটাটিকর শিল্প এলাকায় লিফলেট বিতরণ করেন ও ভোট চান।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ১৭০ মিলিয়ন মানুষের দেশ-বিশ্বের ৩৩ তম বৃহৎ অর্থনীতির দেশ। আমরা এখন আত্মনির্ভশীল। সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে। বাংলাদেশ আফগানিস্তান নয়, কাজেই দু-একটি দেশের হুমকি ধামকিতে কোনো লাভ হবেনা।
প্রচারণার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সেলিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, অ্যাডভোকেট আফসর আহমদ, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বী চৌধুরী মাসুম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ডা আব্দুল ওয়াহিদ, মো আবুল কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সাজেদা পারভীন, সৈয়দা রাবেয়া ইসলাম, সুলতানা বেগম, জাভেদ আহমদ, হোসেন আহমদ, তারেক আহমদ, সুয়েব আহমদ প্রমুখ।