বাংলাদেশে আর ভুয়া ভোট হবে না : ইউরোপীয় ইউনিয়নকে জানিয়ে দিলেন পররাষ্ট্র মন্ত্রী

প্রকাশিত December 27, 2023
বাংলাদেশে আর ভুয়া ভোট হবে না : ইউরোপীয় ইউনিয়নকে জানিয়ে দিলেন পররাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলকে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে আর কোনো ভুয়া ভোট হবেনা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে নির্বাচন কমিশন। আগামী ৭ জানুয়ারির নির্বাচন থেকে দুনিয়ার সবাই শিক্ষা নিবে।
বুধবার, ২৭ ডিসেম্বর (১২ পৌষ) সন্ধ্যা ৬টায় সিলেট মহানগরীতে নিজের বাসভবন হাফিজ কমপ্লেক্সে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।
প্রায় দেড়ঘণ্টার বৈঠকে পর্যবেক্ষক দলে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস এক্সপার্ট রেবেকা কক্স ও মিডিয়া এন্ড স্যোশাল মিডিয়া এক্সপার্ট চার্লট্টেই সুইবেস।
পররাষ্ট্র মন্ত্রী জানান, বিদেশীরা বাংলাদেশের কাছে অনেক কিছু বিক্রি করতে চায়; কিন্তু বাংলাদেশ জনগণে চাহিদার বাইরে কিছু কিনে না। তাই কিছু দেশ অসন্তুষ্ট হয়ে নানা অভিযোগ তোলে।
তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সদস্যরা নির্বাচন নিয়ে নানা প্রশ্ন করেছে; কিন্তু কোন মতামত ব্যক্ত করেনি।
বিএনপির নেতা-কর্মী গ্রেফতার সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদের জানান, বিএনপির কাউকে নয়-সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদেরকেই আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশে আর আজিজ মার্কা নির্বাচন হবেনা।
বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সদস্যরা পররাষ্ট্র মন্ত্রীর প্রধান নির্বাচনী কার্যালয় পরিদর্শন করেন।
এর আগে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এবং সিলেটে বিএনপি চেয়ারপার্সনের দুই উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সদস্যরা আলাদাভাবে বৈঠক করেন।
বৈঠকে প্রতিনিধি দলের কাছে বিএনপি নেতারা দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচনকে ঘিরে বিএনপিসহ বিরোধী দলগুলোর উপর সরকারের অত্যাচার ও দমনপীড়নের অভিযোগ করেন; কিন্তু তাতে প্রতিনিধিদল কোনো মতামত ব্যক্ত করেনি।