প্রত্যেক ধর্মেরই মূল বাণী মানবতা : বড়দিনে শুভেচ্ছা বিনিময়ে ড এ কে আব্দুল মোমেন

প্রকাশিত December 25, 2023
প্রত্যেক ধর্মেরই মূল বাণী মানবতা : বড়দিনে শুভেচ্ছা বিনিময়ে ড এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রত্যেক ধর্মেরই মূল বাণী মানবতা। বড়দিন উপলক্ষে যে প্রেম, প্রীতি ও শান্তির বাণী প্রচার করা হয় তার মূলেও মানবতা বিদ্যমান। কোনো ধর্মই এ বোধ থেকে বিচ্ছিন্ন নয়।
তিনি আরও বলেছেন, বড়দিন মানুষকে শান্তি, প্রেম ও সম্প্রীতির শিক্ষা দেয়। এই শিক্ষা থেকে দেশের সকল মানুষ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একাত্ম হবে।
খ্রিস্টান সমাজের প্রধান ধর্মীয় উৎসব শুভবড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।
সোমবার, ২৫ ডিসেম্বর (১০ পৌষ) সকাল সাড়ে ১১টায় মহানগরীর নয়াসড়কে সিলেট প্রেসবিটারিয়ান চার্চে তিনি শুভেচ্ছা বিনিময় করেন, কেক কাটেন ও বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তৃতায় ড এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ নামক রাষ্ট্রটি আমাদের সকলের। তাই সকল শ্রেণি-পেশার জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। বড়দিন উদযাপনের আনন্দ মানুষের মধ্যে যেন সত্যিকার মানবতাকে জাগ্রত করে এবং মহামানব যিশু যে প্রেম, শান্তি ও সম্প্রীতির শিক্ষা প্রচার করেছেন তার যথার্থ প্রতিফলন যেন সবার জীবনে ঘটে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাওর ও অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, যুগ্মসাধারণ সম্পাদক সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ডা আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিসিক কাউন্সিলর আব্দুল মোহিত জাবেদ, পররাষ্ট্র মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল প্রমুখ।
সিলেট প্রেসবিটারিয়ান চার্চের পাস্টার ফিলিপ বিশ্বাস ও ডিকন নিঝুম সাংমা পররাষ্ট্র মন্ত্রী ও আগত অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংবাদ বিজ্ঞপ্তি