বিএনপিকে যারা সমর্থন করেছিল তারাও পিছু হটে গেছে : গণসংযোগে ড আব্দুল মোমেন

প্রকাশিত December 25, 2023
বিএনপিকে যারা সমর্থন করেছিল তারাও পিছু হটে গেছে : গণসংযোগে ড আব্দুল মোমেন

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, পছন্দ না হলে জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন করবে; কিন্তু অগ্নিসন্ত্রাস চালিয়ে, জ্বালাও-পোড়াও করে আর নিরীহ মানুষ মেরে সরকার পরিবর্তন করা যাবেনা-জনগণও মানবেনা। কারণ সন্ত্রাসী কর্মকাণ্ডকে বাংলার জনগ্ণ ঘৃণা করে-প্রশ্রয় দেয়না।
তিনি আরও বলেছেন, বিশ্বে সন্ত্রাসীদের কোন স্থান নেই। তাই আন্তর্জাতিকভাবে প্রথম দিকে বিএনপিকে যারা সমর্থন করেছিল তারাও পিছু হটে গেছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করেনা তারাই নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে।
রবিবার, ২৪ ডিসেম্বর (৯ পৌষ) দিনভর সিলেট মহানগরীরতে শুভেচ্ছা ও মতবিনিময়, গণসংযোগ এবং বিভিন্ন অনুষ্ঠানে ড এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।
সকাল ১০ তিনি জিন্দাবাজার এলাকায় গণসংযোগ ‍শুরু করেন। এরপর শুভেচ্ছা বিনিময় করেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সদস্যদের সঙ্গে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যম উন্নয়নের হাতিয়ার। গণমাধ্যম আছে বলেই সরকার ও রাষ্ট্র তাদের ভুলগুলো শুধরানোর সুযোগ পায়। মানুষের মন-মানসিকতাকে উন্নত করার মাধ্যমে জাতি ও সমাজ গঠনে গণমাধ্যম শক্তিশালী ভূমিকা পালন করে।
আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সফল ও সুষ্ঠু করতে সাংবাদিকদের ভূমিকা রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে ভোট প্রদানের জন্য জনগণ উদগ্রীব হয়ে আছে।
পররাষ্ট্র মন্ত্রী আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কাজগুলো জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি নির্বাচনে ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন সেজন্য গণমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার আহবান জানান।
ইমজা সিলেটের সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার আহমেদের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি ফয়জুল আনোয়ার আলওর, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এফতার হোসেন পিয়ার এবং জেলা জাতীয় পার্টি-জেপির সভাপতি ইফতেখার আহমদ লিমন।
ইমজার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, বর্তমান সহসভাপতি সজল ছত্রী ও বিলকিস আক্তার সুমি, সহসাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল মালিক জাকা, ইকরামুল কবির, মইনুদ্দিন মঞ্জু ও সৈয়দ রাসেল সহ অন্যরা।
দুপুরে পররাষ্ট্র মন্ত্রী সিলেট ডায়বেটিক এন্ড জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে তিনি কর্মরত ডাক্তার, নার্স ও পরিচালনা পরিষদের সঙ্গে মতবিনিময় করেন।
সিলেট ডায়বেটিক সমিতির সহসভাপতি ডা আজিজুর রহমানের সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লোকমান আহমদ ও সহসভাপতি ডা মো আলতাফুর রহমান প্রমুখ।
বিকেলে ড এ কে আব্দুল মোমেন সিলেটে দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করেন, পরিদর্শন করেন দক্ষিণ সুরমায় বৃহত্তর কদমতলী স্বর্ণশিখা সমাজকল্যাণ সংস্থার অফিস। এরপর কদমতলী পয়েন্ট ও মুক্তিযোদ্ধা চত্বরে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর তৌফিক বক্স লিমন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক প্রমুখ।
সন্ধ্যায় ড এ কে আব্দুল মোমেন মহানগরীর হাফিজ কমপ্লেক্সে ডাক্তার ও নার্সিং অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি