সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্ধুদ্ধ করেন সাংবাদিকরা : ড জহিরুল হক

প্রকাশিত December 24, 2023
সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্ধুদ্ধ করেন সাংবাদিকরা : ড জহিরুল হক

ক্রীড়া প্রতিবেদক : মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড জহিরুল হক শাকিল বলেছেন, মহান মুক্তিযুদ্ধে সাংবাদিকদের অবদান চিরস্মরণীয়। মুক্তিযুদ্ধ ও পূর্ববর্তী সময়ের সংবাদপত্রগুলো পড়লেই জানা যায় স্বাধীনতার প্রকৃত ইতিহাস। তৎকালীন গণমাধ্যম ও সাংবাদিকরা সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্ধুদ্ধ করেন।
তিনি আরও বলেছেন, একটি রাষ্ট্র কতটা সভ্য তা বুঝা যায় সংবাদপত্র ও সাংবাদিকতার মানদণ্ড দেখলে। গণতন্ত্রের চালিকা শক্তি হলো সংবাদপত্র। তাই গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়।
শনিবার, ২৩ ডিসেম্বর (৮ পৌষ) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন পর্বে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল। সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক সালাম মশরুর, সাবেক সভাপতি আল আজাদ ও তাপস দাস পুরকায়স্থ, বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির, দৈনিক শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মুকিত ও দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড জহিরুল হক আরও বলেন, সিলেটের সাংবাদিকতা এখন আর মফস্বল পর্যায়ে নেই। জাতীয় পর্যায়ে পৌঁছে গেছে।
তিনি বলেন, সাংবাদিকদের শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য চিত্তবিনোদন প্রয়োজন। খেলাধুলা হচ্ছে এর অন্যতম মাধ্যম। খেলাধুলা স্বাস্থ্য ও সুখের মূল। খেলাধুলার মাধ্যমে শরীর-মন চাঙ্গা হয়।
বিশেষ অতিথির বক্তৃতায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, সিলেটের খেলাধুলা ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে মাহা দীর্ঘদিন ধরে কাজ করছে। জেলা প্রেসক্লাবে মাহার পৃষ্ঠপোষকতা আগামীতে আরও প্রসারিত হবে।
মাহা-সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে ক্যারম এককে মির্জা সোহেলকে হারিয়ে আশরাফ চৌধুরী রাজু বিজয়ী হন।