বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় গত ২১ ডিসেম্বর রাতে জাতীয় পার্টির প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত এজাহার নামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর বিকেলে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের দু’টি দল বিশেষ অভিযান পরিচালনা করে এই তিন জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার কাজীরগাঁও এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে রাজন মিয়া রাজু (৩৫), বড়হাট এলাকার মৃত আরিছ মিয়ার ছেলে আলীম মিয়া (৩৩) ও বড়কাপন এলাকার তাহের উল্লাহর ছেলে সাহেল মিয়া (২৮)।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল প্রেসব্রিফিংয়ে জাতীয় পার্টির প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত এজাহার নামীয় তিন আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এই তিন জনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।