সিলেট চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত || উন্মুক্ত করে দেওয়া হলো সদস্য সংখ্যা

প্রকাশিত December 23, 2023
সিলেট চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত || উন্মুক্ত করে দেওয়া হলো সদস্য সংখ্যা

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভা শনিবার, ২৩ ডিসেম্বর (৮ পৌষ) সকাল ১১টায় চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্য সংখ্যা আর সীমাবদ্ধ না রেখে উন্মুক্ত করে দেওয়া হলো।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাহমিন আহমদ। তিনি বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ সহ শিল্প ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি জানান, সম্প্রতি সিলেটের অর্থনৈতিক সম্ভাবনার আলোকে চেম্বারের পক্ষ থেকে ২১টি প্রস্তাবনা প্রধানমন্ত্রী সহ সরকারের বিভিন্ন মন্ত্রীর নিকট উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে সিলেট রেলওয়ে স্টেশনে ইন্টার কন্টেইনার ডিপো-আইসিডি স্থাপন, ইসলামপুরে অবস্থিত বিটিএমসির নিয়ন্ত্রণাধীন সিলেট টেক্সটাইল মিলের জমি প্লট আকারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের বরাদ্দ প্রদান, সিলেট থেকে যুক্তরাজ্য ও ইউরোপে তাজা শাক-সবজি ও ফলমূল রপ্তানির লক্ষ্যে সিলেটে প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব নির্মাণ, সিলেট-চট্টগ্রাম হাইওয়ে ৬ লেনে রূপান্তর, সিলেটে এনআরবি ইকোনমিক জোন প্রতিষ্ঠা, সিলেটের পর্যটন খাতের বিকাশ ঘটাতে ‘সিলেট পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন, শেওলা স্থলবন্দরের নিকটবর্তী স্থানে স্টোন ক্রাশিং জোন স্থাপন, সিলেটে নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে নতুন একটি বিসিক শিল্প নগরী প্রতিষ্ঠা, ভোলাগঞ্জ স্থলশুল্ক স্টেশনে ইমিগ্রেশন চালু, বিনিয়োগ ও পর্যটন খাতে সিলেটকে এগিয়ে নিতে রেলসেবার মান উন্নয়ন, সিলেট-ঢাকা ও ঢাকা-সিলেট রুটে বাংলাদেশ বিমানের সান্ধ্যকালীন ফ্লাইট প্রতিদিন চালু ইত্যাদি।
তাহমিন আহমদ ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন ক্যাটাগরিতে সিলেট বিভাগের সর্বোচ্চ করদাতাদের অভিনন্দন জানান।
সাধারণ সভায় সদস্যগণ নবীন উদ্যোক্তদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন অব্যাহত রাখা, ফুটপাতের অবৈধ হকার উচ্ছেদ, কিনব্রিজ দিয়ে মালামাল পরিবহনের জন্য ভ্যানগাড়ি ও অন্যান্য হালকা যান চলাচল চালু রাখা, কালিঘাট ও মহাজনপট্টি এলাকায় রাস্তার ডিভাইডার অপসারণ ও পাথর উত্তোলন পুণরায় চালু সহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
সভার আলোচ্যসূচি অনুযায়ী ২০২২ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, ২০২৩ সালের বার্ষিক কার্যক্রম ও ২০২২-২০২৩ সালের অডিট রিপোর্ট অনুমোদন হয় এবং ২০২৩-২০২৪ অর্থবছরের অডিট কার্যক্রম সম্পন্ন করার জন্য অডিটর নিয়োগ করা হয়।
এছাড়াও সভায় সাংগঠনিক আলোচনায় সর্বসম্মতিক্রমে সিলেট চেম্বারের সর্বোচ্চ সদস্য সংখ্যা ৫ হাজারে সীমাবদ্ধ না রেখে উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সাধারণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহসভাপতি মো আতিক হোসেন, পরিচালক মো হিজকিল গুলজার, জিয়াউল হক, হুমায়ুন আহমদ, মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস, কাজী মো মোস্তাফিজুর রহমান, মো সারোয়ার হোসেন ছেদু, সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সাবেক সহসভাপতি ইফতেখার আহমদ সোহেল, সাবেক পরিচালক মুকির হোসেন চৌধুরী, জ্যেষ্ঠ সদস্য আব্দুল মালিক মারুফ, সচিব মো গোলাম আক্তার ফারুক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি