সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নির্বাচনী প্রচারণার সূচনা করতে সিলেট আসছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত December 19, 2023
সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নির্বাচনী প্রচারণার সূচনা করতে সিলেট আসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বুধবার, ২০ ডিসেম্বর (৫ পৌষ) সিলেট আসছেন।
এবার আসছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নির্বাচনী প্রচারণার শুভ সূচনা করতে। বঙ্গবন্ধুকন্যাকে বরণ করতে প্রস্তুত সিলেট। যেমনি প্রশাসন তেমনি আওয়ামী লীগ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে নিয়েছে।
সরকার প্রধান সকাল সোয়া ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছবেন। এরপর আসবেন মহানগরীতে। প্রথমে জিয়ারত করবেন হজরত শাহজালাল (র) মাজার। পরে হজরত শাহপরান (র) মাজার। সেখান থেকে আসবেন সিলেট সার্কিট হাউসে। এখানে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।
বিকেল ৩টায় সরকারি আলিয়া মাদরাসা ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন দলীয় প্রধান। বিকেল ৫টায় প্রধানমন্ত্রী রাজধানীর উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীকে বরণ করতে সিলেট মহানগরীকে অপরূপ সাজে সাজানো হয়েছে। সরকারি আলিয়া মাদরাসা ময়দানে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। সর্বোচ্চ সতর্কতামূল নিরাপত্তা বলয়ও গড়ে তোলা হয়েছে।