তৃণমূল বিএনপি কারও সঙ্গে রফাদফা করে নির্বাচনে অংশ নিচ্ছেনা : সিলেটে সমশের মবিন

প্রকাশিত December 18, 2023
তৃণমূল বিএনপি কারও সঙ্গে রফাদফা করে নির্বাচনে অংশ নিচ্ছেনা : সিলেটে সমশের মবিন

নিজস্ব প্রতিবেদক : তৃণমূল বিএনপির চেয়ারপার্সন ও সিলেট-৬ আসনে দলটির প্রার্থী সমশের মবিন চৌধুরী বীর বিক্রম বলেছেন, তৃণমূল বিএনপি কারও সঙ্গে রফাদফা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেনা। গণমানুষের আশা-ভরসা পূরণের লক্ষ্য নিয়েই নির্বাচনের পথে যাত্রা শুরু করেছে। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করার কথাও সত্য নয়।
সোমবার, ১৮ ডিসেম্বর (৩ পৌষ) দুপুরে সিলেটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সমশের মবিন চৌধুরী বীর বিক্রম একটি সুন্দর নির্বাচনের আশা প্রকাশ করে বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকাতেই আছে।
আরও জানান, জন্মলগ্ন থেকেই তৃণমূল বিএনপি এককভাবে নির্বাচন করতে চেয়েছে। কারোর সঙ্গে জোটবদ্ধ হয়ে নয়-নির্বাচনে এসেছে নিজের শক্তিতেই। কারোর মার্কাও ধার করে আসেনি।
তিনি বলেন, মানুষ চায় এমন রাজনৈতিক শক্তির উত্থান, যে তৃণমূলের মানুষের কথা বলবে। তৃণমূলের সমস্যা-সম্ভাবনা নিয়ে কাজ করবে।
সমশের মবিন চৌধুরী জানান, তৃণমূল বিএনপি ৩০০ আসনে প্রার্থী দিয়েছিল। তবে শেষ পর্যন্ত দলের ১৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
তিনি জানান, তৃণমূল বিএনপি সংসদে যাওয়ার সুযোগ পেলে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ বাস্তবায়নে কাজ করবে।
আরও বলেন, বর্তমানে বাংলাদেশের একদল দুর্নীতিগ্রস্ত মানুষ সিঙ্গাপুর, আমেরিকা, ইংল্যান্ডে, কানাডা, দুবাই ও মালয়েশিয়ায় বাড়ি বানাচ্ছেন-সম্পদ পাচার করছেন; কিন্তু দেশের কৃষক শ্রেণির ও তৃণমূলের জনগণের কোনো উপকার হচ্ছেনা। তারা সুযোগ পেলে দক্ষ জনশক্তি গড়ে তুলে তৃণমূলের উন্নয়নে কাজ করবেন।
সমশের মবিন চৌধুরী বলেন, ‘আমাদের দেশে বেশ কিছু মৌলিক সংস্কারের প্রয়োজন। দেশের জন্মলগ্নে ৭ কোটি মানুষের জন্য ছিল ৩০০ সংসদীয় আসন। বায়ান্ন বছর পেরিয়ে গিয়েও একই জায়গাতেই রয়ে গেছে আসন সংখ্যা। আমরা দাবি জানাবো, দেশের প্রতিটি উপজেলার বিপরীতে যেন একটি সংসদীয় আসন রাখা হয়। সেটা না হলে অন্তত সাড়ে ৪শ’ আসন যেন করা হয় সংসদে। পাশাপাশি দাবি জানাবো, অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের ন্যায় এখানেও যেন দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ চালু করা হয়। প্রাদেশিক সরকার ব্যবস্থা বাস্তবায়নের দাবিও থাকবে। এছাড়া দেশের স্বার্থ রক্ষা করে পররাষ্ট্র নীতি তৈরির দাবি জানাবো।’