বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত December 17, 2023
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষ্যে রবিবার, ১৭ ডিসেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে কৃষি, মাৎস্যবিজ্ঞান, প্রাণীসম্পদ ও প্রাণী চিকিৎসা অনুষদের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী সাজে সেজে নানা ধরনের ফেস্টুন ও কৃষি যন্ত্রপাতি নিয়ে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় অংশ নেন হকৃবি উপাচার্য অধ্যাপক ড মো আবদুল বাসেত, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শোভযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হল প্রাঙ্গণে ঘুরে একাডেমিক ভবন-১ এর সামনে এসে শেষ হয়।
এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড মো আবদুল বাসেত। তিনি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত মঞ্চের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেকও কাটেন।
সকাল ১১টায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে অন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য। দিনব্যপী এ প্রদর্শনীতে হকৃবির ২৬ জন আলোকচিত্রীর ছবি স্থান পেয়েছে।
সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত ‘ফার্মার্স সাপোর্ট সার্ভিসেস’ উদ্বোধন করেন উপাচার্য। এতে চাষী ও কৃষক সহ হবিগঞ্জের জনগণ কৃষি, মৎস্য ও প্রাণী চিকিৎসা সংক্রান্ত পরামর্শ সেবা, রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা পাবেন।
এরপর উপাচার্য হকৃবির সেন্ট্রাল লাইব্রেরিতে শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে ফটোকপি ও প্রিন্টিং সেবা এবং নতুন সংযোজিত কম্পিউটারের উদ্বোধন করেন।
এছাড়া ক্যাম্পাসে নির্মিত অনুশীলন ক্রিকেট মাঠ ও অস্থায়ী ছাত্রী হলে ছাত্রীদের জন্য টেবিল টেনিস, ক্যারাম ও লুডু সম্বলিত খেলাধুলার কক্ষও তিনি উদ্বোধন করেন।
সন্ধ্যা ৬টায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৮টায় ‘এক্স আলফা’ ব্যান্ডের পরিবেশনায় কনসার্ট অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি