বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ হবিগঞ্জে চা বাগান এলাকায় দুর্ধর্ষ ডাকাতির মূলহোতা ও লুণ্ঠিত মালামালসহ ৩ সক্রিয় ডাকাতকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে।
গত ১২ ডিসেম্বর রাত আনুমানিক পৌণে ১০টায় মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে সুরমা চা বাগানের মঈন টিলার ২ নম্বর সেকশনে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে গাড়ি আটকে যাত্রী ও চালকের হাত বেঁধে মূল্যবান জিনিসপত্রসহ মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়।
এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়ের হলে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এর ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তির সহায়তা ও প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি আভিযানিক দল শুক্রবার, ১৫ ডিসেম্বর দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির মূলহোতা এমদাদুল হক মিলন সহ ৩ সক্রিয় ডাকাত সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের নিকট থেকে ডাকাতির ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো. এমদাদুল হক মিলন ওরফে রিপন মিয়া (৩৮, পিতা আবু জাহের ওরফে শুক্কুর মিয়া), মোহাম্মদ নাজমুল ওরফে নাজমুল হক ওরফে নাজমুল ইসলাম (৩১, পিতা শফিকুল ইসলাম ওরফে শফিক মিয়া) ও মো হৃদয় মিয়া (২৮, পিতা আবু সাঈদ)। সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চাঁনপুর গ্রামে বলে র্যাব ৯-এর তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, এই ডাকাতি মামলার অন্যান্য পলাতক আসামিকে গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।