শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো জাতি || শপথ নিলো উন্নয়নধারা অব্যাহত রাখার

প্রকাশিত December 14, 2023
শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো জাতি || শপথ নিলো উন্নয়নধারা অব্যাহত রাখার

নিজস্ব প্রতিবেদক : শহীদ বুদ্ধিজীবী দিবসে মেধা ও মননে সেরা সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণের পাশাপাশি জাতি একাত্তরের চেতনাকে শাণিত করে ত্রিশলাখ শহীদের প্রত্যাশিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়তে অপ্রতিরোধ্য উন্নয়নধারা অব্যাহত রাখার শপথ নিয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল থেকে দেশের সর্বত্র জাতি সেই সেরা বাঙালি সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল থেকে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল এবং সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজা ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সামজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও বিভিন্ন স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রিন্ট ও অনলাইন গণমাধ্যম বিশেষ সংবাদ-প্রতিবেদন প্রকাশ এবং বেতার ও টেলিভিশন বিশেষ অনুষ্ঠান প্রচার করে।