নির্বাচনে অংশ নেবে অতীতের চেয়ে বেশি ভোটার : নানক || বিএনপি নিক্ষিপ্ত হয়েছে আস্তাকুড়ে : হানিফ

প্রকাশিত December 13, 2023
নির্বাচনে অংশ নেবে অতীতের চেয়ে বেশি ভোটার : নানক || বিএনপি নিক্ষিপ্ত হয়েছে আস্তাকুড়ে : হানিফ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এবার যেকোন সময়ের চেয়ে বিপুল সংখ্যক ভোটারের অংশ গ্রহণে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আর আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, নানা ধরনের অপকর্ম করে করে বিএনপি রাজনৈতিক দল থেকে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তাদের অবরোধ কেবল কাগজেপত্রে। রাজনৈতিক কর্মসূচির নামে তারা চালাচ্ছে সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কার্যকলাপ। নানা অপকর্মের কারণে সাধারণ মানুষ দলটিকে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে।
আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২০ ডিসেম্বর সিলেট সফরকে সামনে রেখে প্রথম নির্বাচনী জনসভাস্থল সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা কথা বলছিলেন।
বুধবার, ১৩ ডিসেম্বর বিকেলে সরকারি আলিয়া মাদরাসা ময়দান পরিদর্শন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য বারের মতো এবারও জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা আধ্যাত্মিক ও পুণ্যভূমি সিলেটে হজরত শাহজালাল (র) ও হজরত শাহপরান (র) মাজার জিয়ারত ও জনসভার মাধ্যমে দলীয় নির্বাচনী প্রচারণার সূচনা করবেন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেমনি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তেমনি জনগণের মাঝেও বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
মাহবুবুল আলম হানিফ বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অভ্যন্তরীণ বা বৈদেশিক কোন চাপ নেই। বাংলাদেশ সরকার যেমনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় তেমনি নির্বাচন চায় বিদেশীরাও। তাই চাওয়ার মধ্যে কোন তফাৎ নেই। যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।