নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের উড়োজাহাজ থেকে উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ৩৪ কোটি টাকা। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার সকাল ৮টা ৫৭ মিনিটে ২৪০ যাত্রী নিয়ে দুবাই থেকে আসা বিজি-২৪৮ ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস ও এনএসআই তাতে অভিযান চালায়।
অভিযানে উড়োজাহাজের যাত্রী আসনের নিচে স্বর্ণের ২৮০টি বার এবং ফ্লোরে ও ওয়াশরুমে স্বর্ণের ৬টি বল ছড়ানো-ছিটানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে ওজন ৩৪ কেজি ৩৫১ গ্রাম বলে জানানো হয়।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক ৪ জন হলেন, মৌলভীবাজারের জুড়ি উপজেলার পশ্চিম বড়ধামাই নয়াবাজারের মঈন উদ্দিনের ছেলে হাবিবুর রহমান, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নভাগ গ্রামের ইরন মিয়ার ছেলে সানু মিয়া এবং হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চাঁনপুর গ্রামের মনোহর মিয়ার ছেলে মিসফা মিয়া ও সিকন্দরপুর গ্রামের আসকর মিয়ার ছেলে আখতারুজ্জামান।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে শুল্ক গোয়েন্দার সহকারী কমিশনার সাজেদুল করিম জানিয়েছেন।