নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মানুষের সেবা করতেই তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন।
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর দুপুরে সিলেট মহানগরীর পূর্ব জিন্দাবাজারে একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সরওয়ার হোসেন মনে করেন, এই নির্বাচনী এলাকার জনগণ তার সঙ্গে আছেন। তাই বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। কারণ বিপদে-আপদে মানুষ তাকে কাছে পায়।
সরওয়ার হোসেন বলেন, ‘রাজনৈতিক জীবনের শুরু থেকেই দেখছি শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করছেন। তাকে অনুসরণ করে আমিও দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করছি। নির্বাচন করার কোনো উদ্দেশ্য আমার ছিলনা। যখন দেখেছি এলাকার দুঃখী মানুষের ভাগ্যোন্নয়নে কেউ কাজ করছেননা তখন তাদের পাশে দাঁড়িয়েছি। সুখে-দুঃখে সবসময় তাদের পাশে থেকেছি। মানুষের পাশে গিয়ে তাদের জন্য মায়া হয়ে গেছে। তাই পরিবারের সদস্যরা কানাডায় প্রতিষ্ঠিত হলেও আমি এলাকার মানুষের মায়ায় তাদের কাছে রয়ে গেছি।’
এলাকার উন্নয়ন বঞ্চনার বিষয় তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সর্বত্র অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, যা দেখে বিদেশীরাও হিংসা করছে; কিন্তু সেই তুলনায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে উন্নয়ন হয়নি।
দলের প্রয়োজনে প্রার্থিতা প্রত্যাহার করবেন কি না-এমন প্রশ্নের জবাবে সরওয়ার হোসেন বলেন, ‘আমি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মতামত নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। ডামি প্রার্থী হইনি। তাই প্রার্থিতা প্রত্যাহারের প্রশ্নই উঠেনা।’
সংবাদ সম্মেলনে সিলেট জেলা আওয়ামী লীগের সসদ্য আব্দুল বারী ও সরওয়ার হোসেনের ছোটো ভাই শাহেদ হোসেন উপস্থিত ছিলেন।