হাবিবুর রহমান হাবিব, শাল্লা : হাওরের জনপদ সুনামগঞ্জের শাল্লা উপজেলাকে সবুজায়নের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব। প্রকৃতির প্রতি তার ভালবাসা থেকেই এ উদ্যোগ। এর বাস্তবায়নে তিনি যুক্ত করেছেন নতুন প্রজন্মকে, যাতে দেশের ভবিষ্যৎ কাণ্ডারিরা পরিবেশ-প্রকৃতি সচেতন হয়। একটি বেসরকারি সংস্থা তাকে এ ব্যাপারে সহযোগিতা করতে এগিয়ে এসেছে।
বুধবার, ৬ ডিসেম্বর শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ব্রাক শাল্লা শাখার সহায়তায় ইউএনও ২ হাজার হিজল-করচ, ১ হাজার মেহগনি, ১ হাজার কদম ও ১ হাজার তাল গাছের চারা রোপণ কার্যক্রম শুরু করেন।
এই কার্যক্রমে আরও অংশ নেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো আব্দুল্লাহ আল মাসুদ তুষার, সোনালী ব্যাংক শাল্লা শাখার ম্যানেজার দেবব্রত মিত্র এবং রোবার স্কাউটস ও গার্লস গাইডসহ বিভিন্ন সংস্থা-সংগঠনের কর্মকর্তা-সংগঠকরা।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেবের উদ্যোগে এর আগে শাল্লা উপজেলা সদরে শাহীদ আলী মডেল উচ্চবিদ্যালয় খেলার মাঠের চারদিকে, রাস্তার মোড়ে, হাসপাতালে এবং স্কুল-কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আঙিনায় গাছের চারা রোপণ করা হয়।
ইউএনওর এই উদ্যোগ সর্বস্তরের শাল্লাবাসীকে পবিবেশ সচেতন করে তুলছে বলে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানা গেছে।