বিশেষ প্রতিবেদক : বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার অন্যতম পথিকৃৎ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) ডা আব্দুল মালিক আর নেই।
মঙ্গলবার, ৫ ডিসেম্বর সকাল ৯টা ৪০ মিনিটে তিনি ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। সিলেটে আগামীকাল, বুধবার সকাল ১১টায় হার্ট ফাউন্ডেশেন প্রাঙ্গণে প্রথম ও বাদ আছর কুচাইতে দ্বিতীয় জানাজা শেষে তাকে গ্রামেই সমাহিত করা হবে।
ডা আব্দুল মালিক ১৯২৯ সালের ১ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৪৯ সালে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৫৪ সালে এমবিবিএস সম্পন্ন করেন। ১৯৫৮ সালে তাকে পাকিস্তানের পেশোয়ারে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয় মেডিক্যাল স্পেশালিস্টের যোগ্যতা পরীক্ষার জন্য। এতে উত্তীর্ণ হয়ে তিনি প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন।
১৯৬৩ সালে সরকার তাকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠায়। ১৯৬৪ সালে তিনি এমআরসিপি পাস করেন। পরে লন্ডনের হ্যামার স্মিথ হসপিটাল অ্যান্ড পোস্টগ্রাজুয়েট মেডিক্যাল স্কুল থেকে কার্ডিওলজিতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
ডা আব্দুল মালিকের স্ত্রী আশরাফুন্নেসা খাতুন। তাদের দুই ছেলে ও এক মেয়ে। মেয়ে ডা ফজিলাতুন্নেছা মালিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঢাকার কার্ডিওলজি বিভাগের অধ্যাপক। ছেলে মাসুদ মালিক একজন ব্যবসায়ী। অপর ছেলে মনজুর মালিক কানাডায় রয়েছেন।