নিজস্ব প্রতিবেদক : কয়েকবার বা একাধিকবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনে অভিজ্ঞ মখলিছুর রহমান কামরান (৯ নম্বর ওয়ার্ড), তৌফিক বক্স লিপন (২৬ নম্বর ওয়ার্ড) ও শাহানা বেগম শানু (৫ নম্বর সংরক্ষিত ওয়ার্ড) সিলেট সিটি করপোরেশন-সিসিকের প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।
সোমবার, ৪ ডিসেম্বর দুপুরে অনুষ্ঠিত সিসিকের নতুন পরিষদের প্রথম সাধারণ সভায় মেয়র প্যানেলে এই তিন জন নির্বাচিত হন।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মেয়র নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে মোট ৫৬ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। তবে সবাইকে সমানভাবে মূল্যায়ন করার পরিপ্রেক্ষিতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ভোটদানে বিরত থাকেন।
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাধারণ সভার শুরুতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও নাগরিকদের মতামতের ভিত্তিতেই মহানগরীর উন্নয়নে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘সিলেট মহানগরীর উন্নয়নে আমরা এক ও অভিন্ন। রাজনৈতিক দল-মতের ঊর্ধ্বে থেকে নগরবাসীর প্রত্যাশা পূরণে আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে। নগরবাসী আমাদের উপর বিশ্বাস রেখে নির্বাচিত করেছেন।’
মেয়র মহান বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের সকল শহীদ, জাতির পিতা ও পনেরোই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি