নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে সিলেটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ শুরু হয়।
বুধবার, ২৯ নভেম্বর দুপুর ১২টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের নিকট ড এ কে আব্দুল মোমেন মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং আওয়ামী লীগের জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন দেশের স্থিতিশীলতা, শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখতে উৎসব মুখর পরিবেশে ‘নৌকা’য় ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ।
তিনি আগুন সন্ত্রাসের পথ পরিত্যাগ করে নির্বাচনে আসতে জ্বালাও পোড়াওয়ের সঙ্গে জড়িতদের আহ্বান জানান।
ড এ কে আব্দুল মোমেন বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলের জন্যে যেকোন ত্যাগ স্বীকার করতে সবসময় প্রস্তুত। তাই কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হলেও দলীয় স্বার্থে প্রয়োজনে স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।
এদিকে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শেখ রাসেল হাসান জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।