জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে এসে জনসমর্থনের প্রমাণ দিতে বিএনপিকে পররাষ্ট্র মন্ত্রীর চ্যালেঞ্জ

প্রকাশিত November 24, 2023
জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে এসে জনসমর্থনের প্রমাণ দিতে বিএনপিকে পররাষ্ট্র মন্ত্রীর চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও মানুষ পুড়িয়ে মারার মতো অপকর্মের জন্যে জাতির কাছে ক্ষমা চেয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বিএনপি নেতৃবৃন্দকে নির্বাচনে এসে জনসমর্থন প্রমাণের চ্যালেঞ্জও দিয়েছেন।
শুক্রবার বাদ জুমা হজরত শাহজালাল (র) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ড এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, ২০০১ সালেই শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছিলেন তার সরকারের আমলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে।
ড এ কে আব্দুল মোমেন বলেন, বিদেশী বন্ধুদের পরামর্শ গ্রহণ করবো; কিন্তু কেউ খর্গ তুললে প্রতিহত করবো। আমরা বিজয়ী জাতি। একাত্তরেও অনেক দেশ আমাদের বিরুদ্ধে ছিল। তবে আমেরিকা মুক্তিযুদ্ধে বিরোধিতা করলেও জাতিসংঘে সদস্য লাভে আমাদেরকে জোরালো সমর্থন দেয়।
তিনি বলেন, আমেরিকা বাস্তববাদী দেশ। অতীতের মতো নির্বাচন শেষে সরকার গঠনের পর বাংলাদেশকে ঠিকই সমর্থন দেবে।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো জাকির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।