নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট মহানগরীকে বাঁচাতে প্রতিটি ছড়া ও খাল দখলমুক্ত করে খনন করতে হবে।
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর দুপুরে মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের টিলাগড় এলাকার কল্যাণপুরে কালনীছড়ার খনন কাজ পরিদর্শন করতে গিয়ে তিনি একথা বলেন।
মেয়র বলেন, সিলেটকে গ্রিন, ক্লিন ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সিসিক কাজ করে যাচ্ছে। একটু বৃষ্টি হলেই যাতে নগর ডুবে না যায় সে লক্ষ্যেই ছড়া-খালগুলোকে দখলমুক্ত করে খনন করতে হবে।
যারা ছড়া, নালা ও খাল দখল করেছেন তাদেরকে তা ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, না হলে এই সিলেটকে বাসযোগ্য ও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা কঠিন হয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, রুহেল আহমদ, জয়নাল আবেদীন, নাজমুল ইসলাম ও সাজেদা বেগম এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর অজজিুর রহমান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি