বিশেষ প্রতিবেদক : ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির সদস্য বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী বিশ্বজুড়ে মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য রেখেছেন। আহ্বান রেখেছেন অন্তত নারী ও শিশুদের রক্ষায় মানবতার হাত বাড়িয়ে দেওয়ার। জানিয়েছেন গাজার লাখ লাখ বাসিন্দা ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন।
মঙ্গলবার, ১৪ নভেম্বর ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে তিনি বক্তব্য রাখতে গিয়ে ব্রিটিশ সরকারের নিকট প্রশ্ন রাখেন, মানবিক বিপর্যয় ও বর্বরতার বিরুদ্ধে ব্রিটিশ জনগণ কথা বলতে বা প্রতিবাদ জানাতে পারবেননা কেন।
টিউলিপ সিদ্দিকী তার মাতৃত্বকালীন সময়ের অভিজ্ঞতার আলোকে গাজার সন্তানসম্ভবা নারীদের অসহায়ত্ব এবং দুর্দশার কথা তুলে ধরে শিশু ও নারীদের রক্ষায় ব্রিটিশ সরকার কি পদক্ষেপ নিচ্ছে সে ব্যাপারে জানতে চান।
গাজার সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন,সেখানে খাদ্য, পানি, জ্বালানি কিছুই প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা। একের পর এক হাসপাতাল বন্ধ হয়ে যচ্ছে। আইসিইউতে থাকা রোগীরাও রেহাই পাচ্ছেননা।