নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটবাসীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় আন্তরিক। তাই বিভিন্ন সময়ে নগরবাসীর কল্যাণে বড় বড় প্রকল্প অনুমোদন দেন। এরই ধারাবাহিকতায় এবার ১ হাজার ৪৫৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন।
এ জন্যে মেয়র মহানগরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এবং স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, সরকারি বরাদ্দের প্রত্যেকটি টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করে সিলেটকে একটি আদর্শ নগরী হিসাবে গড়ে তোলা হবে-ইনশাল্লাহ।
‘সিলেট সিটি করপোরেশনের সম্প্রসারিত এলাকা সহ সমন্বিত অবকাঠামো নির্মাণ’ শীর্ষক এই প্রকল্প একেনেক সভায় অনুমোদন দেওয়ায় রবিবার, ১২ নভেম্বর দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেনকে কৃতজ্ঞতা জানিয়ে সিলেট সিটি করপোরেশন আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখছিলেন।
পুর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নগর ভবন প্রাঙ্গণে জড়ো হন।
দুপুর ১২টায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে নগর ভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বন্দরবাজার, কোর্ট পয়েন্ট ও জিন্দাবাজার হয়ে চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা এবং কর্মচারী ছাড়াও সর্বস্তরের মানুষ শোভাযাত্রা অংশগ্রহণ করেন।
মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে নাগরিকরা করতালি দিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান।