নতুন মেয়রের ৩ দিনেই ৫টি অনন্য দৃষ্টান্ত || সিসিক পেলো ১৪৫৯ কোটির টাকার প্রকল্প

প্রকাশিত November 10, 2023
নতুন মেয়রের ৩ দিনেই ৫টি অনন্য দৃষ্টান্ত || সিসিক পেলো ১৪৫৯ কোটির টাকার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক : নাগরিক রায়ে নির্বাচিত হওয়ার প্রায় ১৪০ দিন পর দায়িত্ব গ্রহণ। এরপর মাত্র তিন দিন। এর মধ্যেই সিলেট সিটি কর্পোরেশনের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী পাঁচটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দিলেন।
প্রথম দৃষ্টান্ত ছিল বর্ণাঢ্য আয়োজনে দায়িত্ব গ্রহণ। এ রকম অনুষ্ঠানের নজির সিসিকের শুধু নয়-দেশের অন্যান্য সিটি করপোরেশনের ইতিহাসেও নেই। অনুষ্ঠানে বিশেষ করে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীর প্রাণবন্ত উপস্থিতি, নিজের অভিজ্ঞতার আলোকে উত্তরসূরীকে দিকনির্দেশনা ও পূর্বসূরীকে প্রাপ্য সম্মান দিতে আনোয়ারুজ্জামান চৌধুরীর আন্তরিকতা ভবিষ্যতের জন্যে পাথেয় হয়ে থাকবে।
পরদিন, বুধবার ৮ নভেম্বর ছিল নতুন মেয়রের প্রথম কার্যদিবস। দায়িত্ব পালন শুরু করলেন মারকাজ মসজিদের উন্নয়ন প্রকল্পে স্বাক্ষর দিয়ে, যা আধ্যাত্মিক নগরী সিলেটের মানুষকে বিমোহিত করেছে।
একই দিন নাগরিক সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ভাটিবাংলার উন্নয়নের প্রাণপুরুষ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে। এও ছিল এক অনন্য আয়োজন, যা সিলেট মহানগরবাসীকে পরদিনই একটি সুসংবাদ দিলো।
সিসিক পরিবারের অভিভাবক নগর ভবন জীবনের তৃতীয় দিনে দলবল নিয়ে নামলেন মহানগরীর ময়লা-আবর্জনা পরিষ্কারে। বললেন, লক্ষ্য কেবল রাস্তা-ঘাট পরিষ্কার করা হয়, উদ্দেশ ‘ক্লিন সিলেট’ গড়ে তোলায় নাগরিক মনও ক্লিন করা। এরপর হাত দিবেন ’গ্রিন সিলেট’ গড়ার পরবর্তী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে। এভাবে একদিন গড়ে উঠবে ’স্মার্ট সিলেট’। জানালেন, এভাবেই ধাপে ধাপে নগরবাসীকে দেওয়া ‘ক্লিন সিলেট’ ’গ্রিন সিলেট’ ও ‘স্মার্ট সিলেট’ প্রতিশ্রুতি পূরণ করতে চান।
এর ঘণ্টাখানেক পরেই চলে এলো সেই কাঙ্ক্ষিত খবর- জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী পরিষদের সভায় অনুমোদন পেয়েছে সিলেট সিটি করপোরেশনের সম্প্রসারিত এলাকা সহ মহানগরীর সমন্বিত অবকাঠামো নির্মাণ প্রকল্প, যাতে ব্যয় ধরা হয়েছে ১৪শ’ ৫৯ কোটি টাকা। এ নিয়ে সন্ধ্যায় নগর ভবন সভাকক্ষে প্রথম সংবাদ সম্মেলন করে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে নগরবাসীকে এ সুসংবাদ দিলেন।
সংবাদ সম্মেলনের মাধ্যম কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের প্রতি। জানালেন, এখন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন কাজ শুরুর সময়। কামনা করলেন নগরবাসীর আন্তরিক সহযোগিতা। আশাবাদ ব্যক্ত করলেন, সবাইকে নিয়ে সিলেটকে স্মার্ট নগরী হিসাবে গড়ে তুলতে সক্ষম হবেন।