প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বই দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশিত November 5, 2023
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বই দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের শিখরে অবস্থান করছে। আর তা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের জন্যই। বিশ্বজুড়ে বাংলাদেশ একটি সম্মানজনক অবস্থানে আছে। এই সম্মান ধরে রাখতে আবারও বঙ্গবন্ধুকন্যাকে নির্বাচিত করতে হবে।
রবিবার, ৫ নভেম্বর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় বিভিন্ন অনুদান প্রদান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থবছরের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ, সরকার ঘোষিত ‘সর্বজনীন পেনশন স্কিম’ সম্পর্কে অবহিতকরণ ও সরকারের বিভিন্ন কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, সমাজসেবা অধিদপ্তর ২০১৮ থেকে ২০২৩ সময়কালে কোম্পানীগঞ্জ উপজেলায় মোট ৪৪ কোটি ৭০ লাখ টাকার বিভিন্ন অনুদান প্রদান করেছে। ৮২ জন বীর মুক্তিযোদ্ধাকে ৩ কামরা বিশিষ্ট পাকাঘর করে দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে, যার মধ্যে ৪৪টি বীর নিবাস ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ৩৪৮টি ভূমিহীন-গৃহহীন ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে জমিসহ আধাপাকা ঘর করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৩৫টি উপকারভোগী পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে।
কৃষি ক্ষেত্রে সরকারের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষকের উন্নয়নে সরকার সর্বাত্মক চেষ্টা ও বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলায় গত ৪ মাসে মোট ২ হাজার ৭৫০ জন কৃষককে রবিশস্য প্রণোদনা প্রদান করা হয়েছে। কৃষকদের সরিষা উৎপাদন করার জন্য উপজেলা পরিষদের সহায়তায় ৪২০ জন কৃষককে ২ লাখ টাকার সরিষা বীজ দেওয়া হয়েছে। এছাড়াও কৃষকদের ৭০% ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্রাংশ সরবরাহে সরকার সর্বাত্মক সহায়তা করছে।
পাথর কোয়ারির শ্রমিকদেরকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, সরকার পরিবেশগত কারণে পাথর কোয়ারি বন্ধ রেখেছে। এটা নিয়ে সরকারের চিন্তাভাবনা আছে। সময় হলে হয়তো আবারও তা খুলে দেওয়া হবে।
পাথর শ্রমিকদের আশ্বস্ত করে তিনি বলেন, তার তরফ থেকে এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করবেন।
ইমরান আহমদ বলেন, সামাজিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। পিআইডি সিলেট