জানমাল রক্ষায় অঙ্গীকারবদ্ধ পুলিশ জ্বালাও-পোড়াও চালাতে দিবেনা : এসএমপি কমিশনার

প্রকাশিত November 4, 2023
জানমাল রক্ষায় অঙ্গীকারবদ্ধ পুলিশ জ্বালাও-পোড়াও চালাতে দিবেনা : এসএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপি কমিশনার মো ইলিয়াছ শরীফ বিপিএম (বার) পিপিএম বলেছেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। তাই গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মসূচি অবশ্যই চলবে; কিন্তু আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও চলবেনা। মানুষের জানমাল রক্ষায় অঙ্গীকারবদ্ধ পুলিশ এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। কাউকে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে দিবেনা।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার, ৪ নভেম্বর সকালে এসএমপি পুলিশ লাইন্স মিলনায়তনে কমিউনিটি পুলিশিং সিলেট মহানগর কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
পুলিশ কমিশনার আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের পুলিশ বাহিনীর স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশ পুলিশ শত শত বছরের পরাধীনতার মানসিকতা মুক্ত হয়ে সেই পথে অগ্রসর হচ্ছে। তবে পুরনো জঞ্জাল সাফ করতে আরও সময় লাগবে।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা, জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও অগ্রযাত্রার উপর কোনো আঘাত বাংলাদেশ পুলিশ বরদাশত করবেনা।
মো ইলিয়াছ শরীফ বিপিএম (বার) পিপিএম উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা প্রথম আক্রান্ত হন। প্রথম আত্মদানও করেন।
পুলিশ কমিশনার ঘোষণা করেন, বাংলাদেশকে আফগানিস্তান বানাতে দেওয়া হবেনা। এ দেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। পুলিশ আর জনগণকে মিলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ‘ভিশন’ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এ ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং গুরত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং সিলেট মহানগর কমিটির সভাপতি ডা নাছিম আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার মু মাসুদ রানা, উপ পুলিশ কমিশনার তোফায়েল আহমদ, পুলিশ সুপার (সিআইডি) সুজ্ঞান চাকমা, সহকারী পুলিশ কমিশনার মো মিজানুর রহমান, জালালাবাদ থানার ওসি সাইফুল ইসলাম রুকন, কমিউনিটি পুলিশিং দক্ষিণ সুরমা থানা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো সাইফুল ইসলাম, জালালাবাদ থানা কমিটির সভাপতি মকবুল হোসেন খান ও কোতয়ালি থানার এসআই দীপন চন্দ্র সরকার। সঞ্চালনায় ছিলেন কমিউনিটি পুলিশিং সিলেট মহানগর কমিটির সাংস্কৃতিক সম্পাদক সুমন্ত গুপ্ত ও এডিসি-ডিবি শাহরিয়ার আল মামুন।
এর আগে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। এরপর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। কেকও কাটা হয়।