বাংলাদেশ বিমানের সিলেট-ঢাকা-সিলেট সান্ধ্যকালীন ফ্লাইট প্রতিদিন চালুর অনুরোধ চেম্বারের

প্রকাশিত November 3, 2023
বাংলাদেশ বিমানের সিলেট-ঢাকা-সিলেট সান্ধ্যকালীন ফ্লাইট প্রতিদিন চালুর অনুরোধ চেম্বারের

নিজস্ব প্রতিবেদক : দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিলেট-ঢাকা ও ঢাকা-সিলেট আকাশপথে বাংলাদেশ বিমানের সান্ধ্যকালীন ফ্লাইট প্রতিদিন চালুর অনুরোধ জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।
সিলেট চেম্বারের পক্ষে সংগঠনের সভাপতি তাহমিন আহমদ প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল এবং পর্যটন নগরী হিসেবে খ্যাত। এখানকার প্রচুর ব্যবসায়ী, প্রবাসী, পর্যটক, মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তা প্রতিদিন বিমানযোগে সিলেট-ঢাকা, ঢাকা-সিলেট রুটে যাতায়াত করেন; কিন্তু দুঃখের বিষয়, এ রুটে সপ্তাহে মাত্র একদিন বিমানের সান্ধ্যকালীন ফ্লাইট চালু রয়েছে। অপরদিকে বেসরকারি এয়ারলাইন্সগুলো প্রতিদিনই রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ফ্লাইট পরিচালনা করে। বাংলাদেশ বিমানের সান্ধ্যকালীন ফ্লাইট না থাকায় প্রাইভেট এয়ারলাইন্সগুলো যাত্রীদের নিকট হতে ইচ্ছামতো ভাড়া আদায় করছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সিলেটের যাত্রীগণ বাংলাদেশ বিমানের উপর অধিক আস্থাশীল এবং বিমানে যাতায়াতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশেষ করে সিলেটের ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাগণ সকালে ঢাকায় গিয়ে কাজ শেষ করে ঢাকার যানজট ও অন্যান্য কারণে দিনের ফ্লাইট ধরতে পারেননা। তখন বাধ্য হয়ে তাদেরকে প্রাইভেট এয়ারলাইন্সের সান্ধ্যকালীন ফ্লাইটে যাতায়াত করতে হয়।
তাই সিলেটের সর্বস্তরের যাত্রীদের কথা বিবেচনা করে এবং বিমানের আয় বৃদ্ধির লক্ষ্যে সিলেট-ঢাকা ও ঢাকা-সিলেট রুটে প্রতিদিন বাংলাদেশ বিমানের সান্ধ্যকালীন ফ্লাইট চালুর জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানানো হয়েছে।
এই চিঠির অনুলিপি পররাষ্ট্র মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের কাছে প্রেরণ করা হয়েছে বলে সিলেট চেম্বারের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েয়ে।