বাহুবলে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ২০ || হবিগঞ্জে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ

প্রকাশিত October 31, 2023
বাহুবলে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ২০ || হবিগঞ্জে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বিএনপির ডাকে দেশব্যাপী ৭২ ঘন্টার অবরোধের প্রথম দিনে হবিগঞ্জে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও হালকা যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
মঙ্গলবার, ৩১ অক্টোবর সকালে হবিগঞ্জ-ধুলিয়াখাল বাইপাস সড়কে টায়ারে আগুন ধরিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়।
এদিকে বাহুবল উপজেলার মিরপুর বাজারে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মশিউর রহমান জানান, বিএনপি নেতা-কর্মীরা মিরপুর বাজারে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়। পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে।
এলাকার লোকজন জানান, সকাল সাড়ে ৯টায় ভাদৈ এলাকায় কয়েকজন যুবক রাস্তা অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের নেতৃত্বে পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌছলে তারা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তার আগুন নিভিয়ে দেয়। পরে তাদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অবরোধের সমর্থনে বিভিন্ন স্থানে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করে।