নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানিয়েছেন, আগামীকাল বুধবার, ১ নভেম্বর থেকে সিলেটে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। বাড়ানো হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি। কাউকে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিবহন বিঘ্নিত করতে দেওয়া হবেনা।
মঙ্গলবার, ৩১ অক্টোবর বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে পণ্যের নিরাপদ পরিবহন নিশ্চিতকরত সাপ্লাই চেইন বহাল রাখা এবং গণপরিবহনের নিরাপদ চলাচল নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সভাপতির বক্তব্যে এ কথা জানান।
জেলা প্রশাসক বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যেখানে যা প্রয়োজন সেখানে তাই করা হবে। পিছন ফিরে তাকানোর সুযোগ নেই। কেবল এগিয়ে যেতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সিলেট মহানগর পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, আইনশৃঙ্খলা বাহিনী জানমালের নিরাপত্তা বিধানে সবদিক থেকে প্রস্তুতি নিয়েই কাজ করছে। পণ্য পরিবহনেও সর্বাত্মক সহযোগিতা করা হবে। ইতোমধ্যে একাধিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাব ও ইমজার সাবেক সভাপতি আল আজাদ, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, এসএমপির পুলিশ পরিদর্শক (নি) অলক কুমার দত্ত, সিলেট বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম, ভেজিটেবল মার্কেট সিলেট ট্রেড সেন্টারের সভাপতি মো ছাদ মিয়া, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম প্রমুখ।