সিলেট বিভাগে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে যুবদল || বিএনপির একাত্মতা প্রকাশ

প্রকাশিত October 31, 2023
সিলেট বিভাগে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে যুবদল || বিএনপির একাত্মতা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি আহুত ৩ দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনই গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিলু আহমদ দিলুর মৃত্যুর প্রতিবাদে যুবদলের কেন্দ্রীয় সংসদ বুধবার, ১ নভেম্বর সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ।
যুবদলের ডাকা এই হরতাল কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। দলের জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক বিবৃতিতে হরতালের প্রতি পূর্ণ সমর্থন জানান।
বিএনপি নেতৃবৃন্দ এই সকাল-সন্ধ্যা হরতাল সর্বাত্মকভাবে পালন করার জন্য দলীয় নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি আহবান জানান।
বিবৃতিতে অভিযোগ করা হয়, গ্রেফতারের পর পুলিশি হেফাজতে গাড়ি চাপায় জিলু আহমদ দিলুর মৃত্যু হয়। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি